
মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে রাণীনগর প্রেসক্লাবের আয়োজনে নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদের সভাপতিত্বে ও সম্পাদক সাহাজুল ইসলামের সঞ্চালনায় রাণীনগর প্রেসক্লাবের নিজস্ব ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজিত সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সমস্যা ও সম্ভাবনা জাতির সামনে উঠে আসে, যা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে।
তিনি বলেন, প্রান্তিক জনপদের মানুষের সুখ-দুঃখ তুলে ধরলে সরকারের পক্ষে যথাযথ পদক্ষেপ নেওয়া সহজ হয়। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী রাণীনগর-আত্রাইকে উন্নয়ন ও শান্তির জনপদে রূপান্তর করা হবে এবং দুই থানায় সমানভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সকল পেশাজীবী মানুষকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাসসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাবের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বমুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
