
মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নওগাঁর রাণীনগরে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দপ্রাপ্ত এ অর্থ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন রাণীনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল ও সদস্য সচিব মাহমুদ হাসান বেলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি এসএম রেজাউল ইসলাম রেজু বলেন, বর্তমান সরকার সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে রয়েছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
