
মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম বলেছেন, মাদক বিক্রেতা ও সেবনকারীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে মাদকের ভয়াবহ ছোবল থেকে কেউ নিরাপদ থাকতে পারবে না। মাদকই অধিকাংশ অপরাধের মূল কারণ। তাই প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হয়ে এর বিরুদ্ধে কাজ করতে হবে।
শনিবার বিকেলে রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
এমপি রেজাউল ইসলাম বলেন, প্রশাসন ও পুলিশকে সহযোগিতা না করলে চুরি, ডাকাতি, ছিনতাই ও অন্যান্য সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তিনি রাণীনগরে সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ বৃদ্ধি পাওয়ায় মোবাইল কোর্টের কার্যক্রম জোরদার এবং পুলিশের সাঁড়াশি অভিযান পরিচালনার নির্দেশ দেন।
সভায় সম্প্রতি বজ্রপাতে নিহত তিন পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান এবং ভূমি মেলার সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়।
