
মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনি ও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,থানা পুলিশ,প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর সকাল ৯টায় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
পরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মাঠে অনুষ্ঠিত ডিসপ্লে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পাশাপাশি অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এদিন বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও উপজেলা পরিষদ মুক্ত মঞ্চ মাঠে বিজয় মেলার উদ্ধোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
