
মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ভূমিসেবা সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে আবাদপুকুর বাজারে কালীগ্রাম-একডাল ইউনিয়ন ভূমিঅফিসে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল তিনটাই উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে নামজারি, খারিজ, ভূমি উন্নয়ন কর, নাগরিক নিবন্ধন, DLRMS সংক্রান্ত আবেদন, খাস জমি বন্দোবস্ত, ভূমিসেবা গ্রহণে বিভিন্ন জটিলতা ও জনভোগান্তির বিষয়গুলো নিয়ে স্থানীয় সেবাগ্রহীতারা সরাসরি তাদের মতামত, অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন। এসময় উপস্থিত কর্মকর্তারা জনসাধারণের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
গণশুনানিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনসহ রাজস্ব বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে ভূমিসেবা কার্যক্রমকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও হয়রানিমুক্ত করতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইনে আবেদন ও ভূমি সংক্রান্ত সঠিক তথ্য গ্রহণে ইউনিয়ন ভূমি অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়।
উপজেলা রাজস্ব প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়া, সেবাপ্রার্থীদের অভিযোগ শোনা এবং দ্রুত সমাধানের পথ তৈরি করতেই এ ধরনের গণশুনানির আয়োজন করা হচ্ছে। এতে একদিকে যেমন জনসাধারণের ভোগান্তি কমবে, অন্যদিকে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
