
মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উপলক্ষে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আইএফআইসি ব্যাংক দীর্ঘ ৫০ বছর ধরে দেশের মানুষের ব্যাংকিং সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। গ্রাহক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ নিয়মিতভাবে এ ব্যাংকের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা গ্রহণ করছেন। সময়ের সঙ্গে আধুনিক ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইএফআইসি ব্যাংক দেশের বিভিন্ন এলাকায় মানুষের ব্যাংকিং সেবায় কাজ করে যাচ্ছে। এটি একটি বিশ্বাসযোগ্য ব্যাংক। তিনি নিজেও প্রায় ১০ বছর ধরে এই ব্যাংকের সঙ্গে লেনদেন করছেন এবং এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হননি।
তিনি আরও বলেন, ব্যাংকিং সেবায় মানুষের আস্থা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইএফআইসি ব্যাংক দীর্ঘদিন ধরে সেই আস্থা ধরে রেখেছে। ব্যাংকটির ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতেও গ্রাহকদের আরও উন্নত ও নির্ভরযোগ্য সেবা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের অফিসার ইনচার্জ মোঃ রাগীব ইয়াসার সাব্বির, ট্রানজেকশন সার্ভিস অফিসার পিংকি বসাক, ট্রানজেকশন সার্ভিস অফিসার মানিক ঘোষসহ রাণীনগর শাখার কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা।
পরে ব্যাংকের সফলতা, সমৃদ্ধি এবং ভবিষ্যতে গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়ার সক্ষমতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
