
মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে অনুমতি ছাড়াই অবৈধভাবে কৃষিজমির মাটি খনন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি ব্যবসা বন্ধে সোমবার গভীর রাতে উপজেলার মিরাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন জানান, দীর্ঘদিন ধরে উপজেলার ঐ এলাকায় অনুমতি ছাড়াই কৃষিজমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশকে সঙ্গে নিয়ে সোমবার রাত ১২টার দিকে উপজেলার মিরাট ৩নং সুইচগেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জমি থেকে মাটি খনন করে ট্রাক্টরযোগে বিক্রির সময় জমির মালিক শমসের উদ্দীনকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শমসের উদ্দীন উপজেলার মিরাট ধনপাড়া গ্রামের তয়েজ উদ্দীনের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন আরো বলেন, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে কৃষিজমির মাটি কাটলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
